ঢাকা, ২০ অক্টোবর – বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে পাঁচ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল। বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার জন্য এ কৌশলগত সফর অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডল।
ইনানীতে অবৈধ ভবন উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
তিনি বলেন, আশিক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি ২০ থেকে ২৪ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবে। বিডার পাশাপাশি দলে আছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচ্চপদস্থ কর্মকর্তারা। সফরটি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
প্রশান্ত কুমার জানান, সফরের অংশ হিসেবে ২১ থেকে ২৩ অক্টোবর একাধিক সরকারি-বেসরকারি বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে অংশ নেবে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো। সেখানে বৈদ্যুতিক সরঞ্জাম, জাহাজ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, বস্ত্রশিল্প, রসায়ন ও ভারী নির্মাণ খাতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ তুলে ধরা হবে।
বিডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের (এমওটিআইএ) উপমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করবে বাংলাদেশের প্রতিনিধিদলটি। এছাড়া, একাধিক সরকারি-সরকারি (জিটুজি) পর্যায়ের আলোচনাতে অংশ নেবেন তারা। এসব বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, প্রস্তাবিত কোরিয়া–বাংলাদেশ সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) ও সাম্প্রতিক বাণিজ্য নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন