ঢাকা, ২৫ ডিসেম্বর – কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে জেঁকে বসতে শুরু করেছে শীত। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে হিমেল হাওয়া। এতে ১০ ডিগ্রির ঘরে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বাড়তে পারে। এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন