ঢাকা, ০১ জানুয়ারি – অন্তর্বর্তী সরকার দেশে একটি সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
প্রেস সচিব বলেন, আসন্ন গণভোট নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ জাগবে এবং সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে।
শফিকুল আলম বলেন, ‘গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা দেখিনি। মনোনয়ন যে কম পড়েছে তাও নয়।’
বাংলাদেশের ভোটাররা যথেষ্ট সচেতন উল্লেখ করে তিনি জানান, গণভোটের বিষয়ে সরকার প্রচারণা চালাচ্ছে এবং ভোটের গাড়ি এখন সারা দেশে ঘুরছে। একটি ভালো নির্বাচন উপহার দিতে যা যা করা দরকার, সরকার তা করে যাচ্ছে।
বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের নিয়োগ প্রসঙ্গে শফিকুল আলম জানান, লিয়েনে থাকাকালীন অবসর গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যায় না বলে তাকে প্রথমে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়েছে। সেখানে অবসরের আনুষ্ঠানিকতা শেষ করার পর তাকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আজ উপদেষ্টা পরিষদে ‘জাতীয় নগর নীতি’র খসড়া অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করার বিষয়ে আলোচনা হয়েছে এবং সুষ্ঠুভাবে সব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রেস সচিব বলেন, ‘খালেদা জিয়ার জানাজায় সার্কের পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা এসেছিলেন। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
তামাক ব্যবহার কমানো প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তামাকের কারণে প্রতি বছর ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। এটি রোধে সরকার তামাক দ্রব্য আইন তৈরি করেছে, যার মাধ্যমে উন্মুক্ত জায়গায় তামাক সেবনের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন