ঢাকা, ৩০ জানুয়ারি – সদ্য শেষ হওয়া বিপিএলে এবার ফিক্সিং নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভূমিকা যথেষ্ট সতর্ক ও প্রতিবাদী ছিল। এর মধ্যেই বিসিবির পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তের জন্য বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু)-এর প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিঠু বলেন, ‘ফিক্সিং বা আকুর বিষয় এবার আমরা একদম কড়াকাড়িতে দেখেছি। যতটা সম্ভব ছিল, তেমনভাবেই কাজ করা হয়েছে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে সর্বোচ্চ পর্যায়ে কাজ করা হয়, সেভাবে করা হয়েছে। এখান থেকে একটি বিষয় বের হয়েছে, এক ভদ্রলোকের, বিসিবি পরিচালকের ফোন কনভারসেশন পাওয়া গেছে।’
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
তিনি আরও বলেন, আকুর তদন্তে কোনো কমতি থাকবে না এবং কোনো লুকোচুরি হওয়ার সুযোগ নেই। ‘তিনি এখানে ফিক্সিংয়ে জড়িত নন বা কি করেছেন, সেটা আমাদের কাজ নয়। এটি অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়েছে। মার্শাল বিষয়টি নিয়ে তদন্ত করছেন। আমাদের কিছুটা সময় দিতে হবে। এরপর মার্শাল রিপোর্ট দেবে। এখানে কোনো রিপোর্টে কোনো কমতি থাকবে না। আমাদের যে ২৫ জন পরিচালক আছেন, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কেবল ধারণা আছে। আমি বলতে চাই, এখানে কোনো লুকোচুরি হবে না।’
সম্প্রতি দেশের এক ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে বলা হয়েছিল, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। খবরটি প্রকাশ হওয়ার পর শামীম বিসিবির সব দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তিনি অডিট কমিটির চেয়ারম্যান পদেও দায়িত্বে ছিলেন। পদত্যাগের কারণ হিসেবে শামীম জানিয়েছেন, এটি নিশ্চিত করতে যে তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। তবে তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন, পদত্যাগ মানেই দোষ স্বীকার নয়।
এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬




মন্তব্য করুন