ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।
বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সভায় উপস্থিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন। এর ফলে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে পেরেছে। ভবিষ্যতেও এই ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইফতারের আগে রাজধানীতে যানজট বৃদ্ধি পায়, তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীকে নির্বিঘ্নে বাসায় পৌঁছাতে সহায়তা করতে হবে। পাশাপাশি তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে মহান একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান রয়েছে। এছাড়া রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি ও ছিনতাই প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন