লন্ডন, ১১ জুলাই – মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ার পর রক্ষণভাগের খেলোয়াড় জ্যারেল কোয়ানসাহর নিষেধাজ্ঞা এক ম্যাচ থেকে বাড়িয়ে দুই ম্যাচ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ থমাস টুখেল। তার অভিযোগ, শাস্তির মেয়াদ বাড়ানোর পেছনে ফিফা কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করেনি। এমন এক বিতর্কিত পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড।
টুখেল জানান, বিশ্বকাপের শেষ ১৬-র লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখার পর কোয়ানসাহর শাস্তি কেন বৃদ্ধি করা হলো, সে বিষয়ে তারা এখনো অন্ধকারে রয়েছেন। আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয় ভাগে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর কোয়ানসাহকে মাঠ ছাড়তে হয়েছিল। মেক্সিকোর হেসুস গালিয়ার্দোর গোড়ালিতে ট্যাকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়।
কোচ চাইলে বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিতে প্রস্তুত হামজা চৌধুরী
সাধারণত সরাসরি লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলেও ফিফা এই ঘটনাকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে শাস্তির মেয়াদ দ্বিগুণ করেছে।
ম্যাচ পরবর্তী সময়ে রেফারিং নিয়ে টুখেলের কঠোর সমালোচনা এই শাস্তি বৃদ্ধির পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না এমন প্রশ্নে কোচ জানান, ফিফা তাদের কিছুই জানায়নি।
টুখেল এর আগে রেফারিংয়ের মান এবং ধারাবাহিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে মাঠের রেফারি ও চতুর্থ কর্মকর্তাদের মান মোটেও সন্তোষজনক নয়। পেনাল্টির মতো বড় সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে ভিএআর প্রযুক্তির অকারণে হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এনএন/ ১১ জুলাই ২০২৬




মন্তব্য করুন