কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বসতিঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ৫-এর ই-৫ ব্লকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসতিঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।