ঢাকা, ২৭ সেপ্টেম্বর – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
প্রধান উপদেষ্টা বলেন, সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে-দূর্গাপূজা উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।
তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দূর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দূর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন, সকল ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দূর্গাপূজাও সারাদেশে নির্বিঘ্নে এবং যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপিত হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন