
ঢাকা, ৮ এপ্রিল – দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক একটি বড় অর্জন সম্পন্ন করেছে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউট বা বিসিআইর কর্পোরেট সদস্যপদ লাভ করেছে দেশের এই কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই মাইলফলক অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে।
মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
বাংলাদেশ ব্যাংক বর্তমানে তাদের বিদ্যমান বিজনেস কন্টিনিউটি প্ল্যান ২০১৫ এর একটি উন্নত সংস্করণ বা বিসিপি ভার্সন ২.০ প্রণয়নের কাজ শুরু করেছে। মূলত এই আধুনিক পরিকল্পনার আন্তর্জাতিক মান নিশ্চিত করতেই বিসিআইর এই সদস্যপদ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের অপারেশনাল রেজিলেন্স ও ক্রাইসিস ম্যানেজমেন্ট কার্যক্রমকে আরও আধুনিক ও বিশ্বমানের করে তুলবে।
বিসিআই ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ব স্বীকৃত প্রতিষ্ঠান যা যেকোনো দুর্যোগ বা সংকটের সময় ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল রাখার আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করে থাকে। এই সদস্যপদ অর্জনের ফলে বাংলাদেশ ব্যাংক এখন থেকে বিশ্বের সর্বাধুনিক জ্ঞান, গাইডলাইন এবং অপারেশনাল টুলস ব্যবহারের সরাসরি সুযোগ পাবে। এর ফলে ব্যাংকের কর্মকর্তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, প্রফেশনাল সার্টিফিকেশন এবং উচ্চতর সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিশ্বের নামকরা কেন্দ্রীয় ব্যাংক ও বড় বড় বাণিজ্যিক ব্যাংকগুলো বিসিআইর এই পদ্ধতি অনুসরণ করে থাকে। এখন থেকে বাংলাদেশ ব্যাংকও সেই বৈশ্বিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করবে।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬




মন্তব্য করুন