কক্সবাজারের রামুতে গ্লোবাল ইয়ুথ লার্নিং সেন্টার (জিওয়াইএলসি) এর উদ্যোগে এবং প্রচেষ্টা কক্সবাজার যুব উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় দুই দিনব্যাপী “ডিবেট ওয়ার্কশপ” শেষে বিতর্ক প্রতিযোগিতা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার, ২৭ সেপ্টেম্বর বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। বিশেষ অতিথি ছিলেন- প্রচেষ্টা কক্সবাজার যুব উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম শাহিদ, কক্সিয়ান এক্সপ্রেস রামু উপজেলা জোনের অফিস সম্পাদক রহিম উল্লাহ এবং রামু বার্তা নিউজের সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ বলেন- বিতর্ক সৃজনশীলতা ও জ্ঞানের পরিধি বাড়ায়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যেমন জানার আগ্রহ তৈরী করে তেমনি যুক্তির মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। ভালো বিতার্কিক হতে হলে শিক্ষার্থীদের নিয়মিত সংবাদপত্র ও বই পড়ার উপর গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রচেষ্টা কক্সবাজার যুব উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম শাহিদ বলেন- গ্লোবাল ইয়ুথ লার্নিং সেন্টার রামুতে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে অনন্য অবদান রাখছে। ইংরেজি ভাষা, তথ্যপ্রযুক্তিসহ সৃজনশীল কর্মকান্ডে নিয়মিত চর্চার মাধ্যমে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের স্বপ্নপূরণে সফলভাবে এগিয়ে যাচ্ছে।
কক্সিয়ান এক্সপ্রেস রামু উপজেলা জোনের অফিস সম্পাদক রহিম উল্লাহ বলেন- নিয়মিত বিতর্ক চর্চা অব্যাহত রাখার মাধ্যমে বর্তমান প্রজন্ম নিজেদের জ্ঞান ও তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবে। এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সকল প্রতিষ্ঠানে এ বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন।
বিতর্ক প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে। শুক্রবার প্রাথমিক পর্ব শেষে শনিবার অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা। ফাইনাল রাউন্ডে বিজয়ী ও রানার্স আপ দলকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সনদপত্র প্রদান করা হয় ডিবেট ওয়ার্কশপে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেও।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গ্লোবাল ইয়ুথ লার্নিং সেন্টারের পরিচালক মো. শাহেদুল ইসলাম রায়হান বলেন, “বিতর্ক মানেই যুক্তি, যুক্তিতেই মুক্তি। যারা বিতর্ক করে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে পারে এবং একাডেমিক শিক্ষায়ও ভালো ফলাফল করতে সক্ষম হয়। বিতর্ক শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলী, সাহস এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজেকে এগিয়ে রাখতে এবং সমাজে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে বিতর্কের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের নিয়মিত বিতর্কে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি।” সফলভাবে কর্মশালা ও প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় তিনি প্রচেষ্টা কক্সবাজার যুব উন্নয়ন ফাউন্ডেশন ও জিওয়াইএলসি’র সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
হিমছড়িতে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা




মন্তব্য করুন
পাঠকদের মন্তব্য (1)
রামুতে আয়োজিত এই বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যুক্তির মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার চর্চা তরুণদের আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে দেবে। গ্লোবাল ইয়ুথ লার্নিং সেন্টার এবং প্রচেষ্টা কক্সবাজার যুব উন্নয়ন ফাউন্ডেশনকে আন্তরিক অভিনন্দন জানাই এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য। আশা করি ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে।