ঢাকা, ৩০ আগস্ট – তুরস্কের সর্ববৃহৎ বেসরকারি সাহায্য সংস্থা আইডিডিইএফের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হবে। এই মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে আইডিডিইএফের আন্তর্জাতিক সমন্বয়ক মি. সালাইউদ্দিন সিল্যান ( Salahuddin Ceylan) বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণের লক্ষ্যে বর্তমানে ডিজিটাল সার্ভে ও চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইডিডিইএফ কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ আমাদের দীর্ঘদিনের চাহিদা। শিগগিরই এই অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই নির্মাণ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় তিনি তুরস্কের আইডিডিইএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংস্কারে সহযোগিতা করায় তিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী, টিকার আর্থিক সহযোগিতায় ইতোমধ্যেই শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সংস্কার কাজ শুরু হয়েছে। রোগ নির্ণয় ও উন্নত থেরাপিউটিক পরিষেবার জন্য টিকা এই মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে। বৈজ্ঞানিক গবেষণার উৎকর্ষ সাধন এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণাগারে একটি অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম) স্থাপন করবে।
এ ছাড়া জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং রোগী পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে টিকা একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ আগস্ট ২০২৫




মন্তব্য করুন