চট্টগ্রাম, ১৬ অক্টোবর – চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় দুপুরে লাগা আগুন ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আগুনের দাপট, ঘটছে একের পর এক বিস্ফোরণ। আগুনের তীব্রতায় ভবনের কয়েকটি দেয়াল ভেঙে পড়েছে। এরমধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা ভবনটিতে আগুন লাগে। শেষ খবর পর্যন্ত রাত ১০টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ নির্মাণ শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা। শুরুতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ শুরু করলেও বর্তমানে নৌবাহিনী ও বিমানবাহিনী মিলিয়ে প্রায় ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুধু তাই, আগুন নেভাতে একটি রোবট ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
সিইপিজেড সূত্র জানায়, ভবনটিতে মোট ৭০০ শ্রমিক কাজ করেন। তবে তাদের কেউ আহত হননি বলে জানান চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নির্বাহী পরিচালক আবদুস সুবাহান।
সরেজমিনে দেখা যায়, আগুনের তাপে ভবনের উপরের দুটি তলা ও দেয়াল ধসে পড়েছে। আগুন উপরের দিক থেকে নিচের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়েছে, বর্তমানে নিচতলাতেও আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এত বেশি যে কারখানাটি থেকে ৩০০ গজ দূরেও তাপ অনুভূত হচ্ছে। ভবনের ভেতর থেকে কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আগুনের শিখা ভবনের ছাদ পেরিয়ে ১০০ ফুট ওপর পর্যন্ত উঠছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আশপাশের পুরো এলাকা।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন