ঢাকা, ১৭ অক্টোবর – বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী খায়রুল বাশারের প্রায় চার কোটি টাকা মূল্যের তিনটি ফ্ল্যাট ক্রোক করেছে সিআইডি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন এ তথ্য জানান।
তিনি বলেন, সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে খায়রুল বাশারের নামে থাকা এসব ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন বিশেষ জজ আদালত।
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২
জসিম উদ্দীন বলেন, প্রতারণার মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের বিষয় অনুসন্ধানকালে সিআইডি প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পায় এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। এ মামলায় গত ১৪ জুলাই ধানমন্ডি থেকে খায়রুল বাশারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
সিআইডির এই কর্মকর্তা জানান, খায়রুল বাশার নিজেকে একজন শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। কিন্তু তিনি এর আড়ালে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামক প্রতিষ্ঠানের মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেন।
খায়রুল বাশার ও তার সহযোগিরা সাধারণ ছাত্র-ছাত্রীদের আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে প্রেরণের চটকদার বিজ্ঞাপন প্রচার করতেন। এভাবে পারস্পরিক যোগসাজশে প্রতারণার মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণাদি পাওয়া যায়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন