ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি – আগামী ২০২৬ সালের ৩ মার্চ ভোরে আকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। এদিন চাঁদ লালচে রঙ ধারণ করবে যা ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত। এটি হবে ২০২৬ সালের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয় তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে এই গ্রহণ হয়।
গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসা সূর্যের আলো চাঁদের গায়ে লালচে আভা তৈরি করে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এই পূর্ণ চন্দ্রগ্রহণটি প্রায় ৫৮ মিনিট স্থায়ী হবে। নাসার তথ্য অনুযায়ী সকাল ৬টা ৪ মিনিট থেকে ৭টা ২ মিনিট পর্যন্ত চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা থাকবে। মহাজাগতিক এই দৃশ্যটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে উত্তর আমেরিকার পশ্চিমাংশ, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে।
তবে আফ্রিকা ও ইউরোপ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই এবং খালি চোখেই এটি নিরাপদে দেখা সম্ভব। তবে খোলা আকাশ ও অন্ধকার জায়গা হলে দৃশ্যটি আরও ভালোভাবে উপভোগ করা যাবে।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬







