সানা, ০৩ জানুয়ারি – ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী ২ বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)। গোষ্ঠীটির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি গতকাল শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন।
ভাষণে এসটিসির প্রেসিডেন্ট বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা; আর এ লক্ষ্য অর্জনের জন্য আমরা একটি দুই বছর মেয়াদী রূপান্তর বা ক্রান্তিকালীন পর্ব শুরুর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।”
বিষাক্ত ইনজেকশনের পর অলৌকিক বেঁচে ফেরা: মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেস্টার পর মুখ খুললেন ক্রিস্টিয়া পাইক
“দুই বছর আলোচনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে (স্বাধীনতার প্রশ্নে) আমরা গণভোটের আয়োজন করব।”
তবে সেই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন আইদারুস আল জুবাইদি। ভাষণে তিনি বলেছেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় উৎসাহ না দেখায়, অথবা ফের যদি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জনগণ, তাদের ভূমি এবং বাহিনীর ওপর কোনো ধরনের হামলা হয়, তাহলে আমরা দু’বছর অপেক্ষা করব না। তার আগেই স্বাধীনতা ঘোষণা করব। এটি একটি সাংবিধানিক ঘোষণা।
২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনে রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি।
এরপর ২০২২ সালে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাদ্রামৌতসহ দক্ষিণের বিস্তৃত এলাকা দখল করে এসটিসি। এ সময় আমিরাতের সঙ্গে সঙ্গে তাদের মিত্রতা হয়। গত কয়েক বছর ধরে এসটিসিকে আমিরাত অস্ত্র-রসদ দিয়ে তাদের সহযোগিতা করছে বলে জানা গেছে।
এসটিসির সঙ্গে আমিরাতের আঁতাত সম্প্রতি প্রকাশিত হওয়ার পর গত ৩০ ডিসেম্বর ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে আমিরাতকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সৌদি। সেই আল্টিমেটাম মেনে ইতোমধ্যেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে আমিরাত।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ জানুয়ারি ২০২৬




মন্তব্য করুন