জেরুজালেম, ২২ সেপ্টেম্বর – অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের চলমান যুদ্ধ ও হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৫ হাজার ২৮৩ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এ সময় ইসরায়েলি হামলায় আরও ৩০৪ জন আহত হয়েছেন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জনে।
হরমুজ সংকটে তেল রফতানির বিকল্প পথ খুঁজছে ইরাক, তুরস্কের সঙ্গে আলোচনা
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা পর্যাপ্ত সরঞ্জাম ও নিরাপত্তা না থাকায় তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হন এবং অন্তত ২৪ জন আহত হন। এ নিয়ে সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২৩ জনে এবং আহত হয়েছেন ১৮ হাজার ৪৭৩ জনের বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশুও রয়েছে। এ নিয়ে ক্ষুধায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭ শিশু। গত মাসে খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত ১৬২ জন মারা গেছেন, এর মধ্যে ৩২টি শিশু।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন