কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে কার্তুজ ও নগদ টাকাসহ এক ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর ) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে মহেশখালী থানার একটি আভিযানিক দল ধলঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মুহুরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হওয়া ব্যক্তির কাছ থেকে ২ রাউন্ড কার্তুজ এবং ৬৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম অহিদুল কাদের ওরফে অহিদ (৪৫)। তিনি একই এলাকার মোহাম্মদ হোসেন ও আনোয়ারা বেগমের ছেলে। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশখালী থানায় এফআইআর নং-৩৯, তারিখ ২৬ অক্টোবর ২০২৫ এবং জি আর নং-৩৩৩ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। সকাল ৯টা ৫০ মিনিটে দায়ের হওয়া মামলায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(f) ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে উদ্ধারকৃত কার্তুজ ও নগদ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অন্য যারা এই চক্রের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।




মন্তব্য করুন