নয়াদিল্লি, ২৭ আগস্ট – ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণোদেবীর মন্দির এলাকায় ভয়াবহ এক ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; ভেসে গেছে বহু বাড়িঘর। কাদা-মাটি ও ধ্বংসস্তূপের নিচে আরো বেশ কয়েকজনের মরদেহ চাপা পড়ে আছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় আহত অবস্থায় এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে কাটারা শহরের কমিউনিটি হেলথ কেয়ার (সিএইচসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
বুধবার (২৭ আগস্ট) রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিংয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
প্রতিবেদন অনুযায়ী, ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার দুপুরের দিকে মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় এবং তার আশেপাশের এলাকায় ভয়াবহ ভূমিধস ঘটে। ধসের পরপরই উদ্ধার তৎপরতায় নামে মন্দির কমিটি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিছু সময় পর উদ্ধারকাজে যোগ দেয় ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী এনডিআরএফ এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা।
গত তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে রিয়াসি জেলাসহ জম্মু-কাশ্মিরজুড়ে। ভারী বৃষ্টির জেরে ভূমিধস ও হড়পা বানের খবর আসছে জম্মু-কাশ্মিরের বিভিন্ন জায়গা থেকে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বৈষ্ণোদেবী মন্দির যাত্রা স্থগিত করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত গতিতে উদ্ধারকাজ পরিচালনা করা যাচ্ছে না বলেও জানিয়েছেন এনডিআরএফের এক কর্মকর্তা।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ আগস্ট ২০২৫




মন্তব্য করুন