কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস দীর্ঘদিন পর আবারও চালু করা হয়েছে উখিয়ায়। চালু করা অফিসটি পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে বসার পরিবেশ তৈরি করা হয়। এর আগের দিন মঙ্গলবার আগাছায় ভরা ও ভাঙাচোরা অফিস পরিদর্শন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ মনজুর।
এ-সংক্রান্ত ছবিসহ তিনি একটি পোস্ট করেন তার ফেসবুক আইডিতে। তিনি লিখেন, ‘আজ সকাল থেকে আওয়ামী লীগের অফিসের পরিষ্কারের কাজ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ।’
অফিসটি ২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্ধ হয়ে যায়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এআই গবেষক ইরফানের রহস্যজনক মৃত্যু: এবার অনুসন্ধানে নামল ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’
অফিস সচল হওয়ার খবর পেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আড়ালে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কিছু কিছু নেতা-কর্মী সেটি পরিদর্শন করতে যান। এর পর ছবি তুলে তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
জানতে চাইলে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এম.এ মনজুর বলেন, প্রথম দিন অফিসে গেছি, খুলে দেখলাম বসার মতো কিছু নেই। চেয়ার-টেবিল, বঙ্গবন্ধুর ছবি সব ভাঙচুর করে ফেলেছে। পরিস্থিতি ভয়াবহ।
এ প্রসঙ্গে ক্ষমতাসীন দল বিএনপির পালংখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী বলেন, আমিও ফেসবুকে দেখেছি তারা অফিস খুলেছেন। আমাদের করণীয় কী, সেটি জানতে বিষয়টি উপজেলা নেতৃবৃন্দের কাছে জানানো হবে।




মন্তব্য করুন