কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরবর্তী এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে চার কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ নভেম্বর দুপুরে এসআরবি-১৫ এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি যৌথ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বিআরএম-৫ সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্ট সংলগ্ন নাফ নদীর তীরে অভিযান চালায়।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে যৌথ দল ধাওয়া করে চারজনকে আটক করে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিন ও বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার বোট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক ও নুর ফয়সাল, টেকনাফের ইসলামাবাদ এলাকার বাসিন্দা মিজানুর রহমান ওরফে মিজান উদ্দিন এবং উখিয়ার থাইংখালী চৌদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাফেজ আহমদ।
চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নাফ নদী ও বোট ব্যবহার করে অবৈধ মাদক ব্যবসা ও পাচারের সাথে জড়িত ছিল। সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং সীমান্ত এলাকায় অপরাধ দমনে এসআরবি-১৫ ও বিজিবির এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে নাফ নদীর তীরে এসআরবি ও বিজিবির যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরবর্তী এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন