কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাড়িভিটা থেকে উচ্ছেদের হুমকি, হামলা ও মারধরের অভিযোগ তুলেছেন মরহুম আলহাজ্ব মঈনুদ্দিন চৌধুরীর পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগা চেয়ারম্যানপাড়া এলাকার মরহুম মঈনুদ্দিন চৌধুরীর পরিবার সদস্যরা চকরিয়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের উপর হামলা, পৈতৃক ভিটা-জায়গা থেকে উচ্ছেদের হুমকিসহ নানাবিধ অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মঈনুদ্দিন চৌধুরীর বড় ছেলে এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী। এ সময় তাঁর ভাই ইয়াসির ফরহাদ চৌধুরী ও তামজিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ইয়াসির আরাফাত চৌধুরী বলেন, আমার বাবার পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে তাঁর চাচা আবদুল্লাহ দেখাশোনা করতেন। অন্যদিকে, জমিসংক্রান্ত মামলা-মোকদ্দমা পরিচালনার দায়িত্বে ছিলেন আমার ছোট ভাই ফরহাদ চৌধুরী।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
তিনি অভিযোগ করেন, গত বছরের নভেম্বর মাসে বাড়িতে অনুষ্ঠিত পারিবারিক বৈঠকে ফুফি, ফুফাতো ভাই, চাচাসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে জমি বিক্রি ও মামলা পরিচালনাসংক্রান্ত হিসাব-নিকাশ নিয়ে আলোচনা হয়।
ওই বৈঠকে চাচা আবদুল্লাহর কাছে তাঁদের ১৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে হিসাব নির্ধারিত হয়। এর মধ্যে গত ডিসেম্বরের মধ্যে চার লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়, ওই দিন থেকে আমার বাবার পৈতৃক সম্পত্তি ছোট ভাই ফরহাদ চৌধুরী দেখাশোনা করবেন এবং সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে মামলা পরিচালনা করবেন।
ইয়াসির আরাফাত অভিযোগ করেন, প্রতিশ্রুতি অনুযায়ী চার লাখ টাকা পরিশোধ করা হয়নি। বরং তাঁদের বসতভিটার বেশ কিছু গাছ কেটে নিয়ে যান চাচা আবদুল্লাহ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন। এর জের ধরে গত ২৫ অক্টোবর আমার ছোট ভাই জমিতে চাষাবাদ করতে গেলে চাচা আবদুল্লাহ ও চাচি রেনু আরা বেগম নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন আমার ভাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, খবর পেয়ে তিনি ও অপর ভাই তৌহিদ চৌধুরী ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এ সময় তাঁর ভাই ফরহাদ চৌধুরী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাঁরা চিকিৎসাধীন থাকাকালে চাচা-চাচি ও ফুফিরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আহত ফরহাদ চৌধুরী বলেন, আমাদের ওপর হামলার ঘটনার পরও প্রতিপক্ষের লোকজন ক্ষান্ত হননি। এখনো মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে একাধিকবার থানায় অভিযোগ করেও তাঁরা প্রত্যাশিত নিরাপত্তা পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা ও হুমকির ঘটনায় তাঁরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় পৈতৃক বাড়িভিটা থেকে উচ্ছেদের হুমকি, হামলা ও মারধরের অভিযোগ,ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাড়িভিটা থেকে উচ্ছেদের হুমকি, হামলা ও মারধরের অভিযোগ তুলেছেন মরহুম আলহাজ্ব মঈনুদ্দিন চ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন